রাজনীতি

‘একটি গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়’

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ২:০২:৫৯ প্রিন্ট সংস্করণ

একাত্তরের স্বাধীনতা আমাদের অস্তিত্ব। তবে একটা গোষ্ঠী একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমি আমার অস্তিত্বেকে হারিয়ে ফেলব বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও পৌর শহরের ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজতি নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমার কাছে মনে হয়, আমাদের শেকড়টাকে আমাদের জানা উচিত। আমরা ১৯৭১ সালে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি। সেই একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধ আমাদের অস্তিত্ব। আমাদেরকে নতুন দেশ দিয়েছে, ভূখন্ড দিয়েছে। আমাদের সামনে অনেকগুলো সুযোগ সৃষ্টি করে দিয়েছে।’

তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে একটি গোষ্ঠী ওই একাত্তরকে পেছনে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ফেললে আমাদের অস্তিত্ব থাকবে না। সেজন্যে আমি সবসময় এই কথটা বলি- একাত্তর হচ্ছে আমাদের মূল অস্তিত্ব। এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে হিন্দু, মুসলমান-বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একসাথে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছি। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মিথ্যা প্রচারণা করা হচ্ছে। যেটা আমাদের স্বাভাবিকভাবে চিন্তার মধ্যে পরে।’

তিনি যোগ করেন, ‘প্রিয় ভাই-বোনেরা পাঁচ বছর পর নির্বাচন একটাই আসে, আর যে ভোট আমরা দেই এই ভোটটাকে বলা হয়- পবিত্র আমানত। আমাদের ধর্মের ভাষায় বলে এটাকে খেয়ানত করা যাবে না। অর্থাৎ এটাকে নষ্ট করা যাবে না।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সেই ব্যক্তিকে ভোটটা দেব, যে ব্যক্তি সঠিকভাবে সেই ভোটের মর্যাদা রক্ষা করবে। এটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনারা যে ভোটটা দেবেন নিজের বিবেচনায় সঠিক ভাবে ভোট দিবেন। কারণ ভোটের সময় মানুষ বিভিন্ন ভাবে বিভ্রান্ত করে, আপনার কাছের লোকটাকে চেনাতেও ভুল বোঝায়। দুর্ভাগ্যজনক ভাবে আমাদের ঠাকুরগাঁওতেও সেই কাজটা হচ্ছে।’

এসময় উপস্থিত ভোটার ও সমর্থকদের কাছে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিন ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য দেন।

আরও খবর

Sponsered content