সারাদেশ

এডভোকেট আব্দুল আহাদের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার(সিলেট) ১১ এপ্রিল ২০২৬ , ১০:৩০:৩০ প্রিন্ট সংস্করণ

বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক, সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, বিশিষ্ট ইসলামিক স্কলার, সমাজসেবক ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট মো. আব্দুল আহাদের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে নগরীর মধুবন মার্কেটস্থ সিলেট অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান। অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রভাষক মহিউদ্দিন জাকারিয়া। কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

শোকসভায় বক্তারা বলেন, অ্যাডভোকেট আব্দুল আহাদ ছিলেন বহুমাত্রিক গুণে গুণান্বিত একজন প্রিয় ব্যক্তিত্ব। তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে এবং বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের মাধ্যমে ১০ দফা দাবি বাস্তবায়নে আমৃত্যু কাজ করে গেছেন। তাঁর নম্র আচরণ, মধুর ভাষা ও মানবিক কাজের মাধ্যমে তিনি সবার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।

বক্তারা আরও বলেন, তাঁর দক্ষ নেতৃত্বে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ জৈন্তিয়া অঞ্চলের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করে। তাঁর স্বপ্নের ১০ দফা দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

দীর্ঘদিন অসুস্থ থাকা সত্ত্বেও মানবসেবায় তিনি কখনও পিছপা হননি বলেও উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, “মানুষ মরণশীল”—এই সত্য তিনি নিজেই সবাইকে স্মরণ করিয়ে দিতেন। অবশেষে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন, রেখে গেছেন অসংখ্য শুভাকাঙ্ক্ষী।

শোকসভায় বক্তব্য রাখেন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের সদস্য সচিব ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমেদ হেলাল, সিলেট জেলা বারের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশীদ, উন্নয়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ, আবুল মনসুর চৌধুরী সাজু, ওমর ফারুক, দরবস্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাহারুল আলম বাহার, কানাইঘাট পৌরসভার সাবেক মেয়র প্রার্থী এ কে এম ওলিউল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান আল মিছবাহ, শিক্ষা সম্পাদক মো. আলমগীর হোসেন, ডা. মইনুল হক, শমসের আলমসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন। অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও খবর

Sponsered content