গাজীপুর-২ (সদর ও টঙ্গী উপজেলা) আসনে ১১ দলীয় জোট সমর্থিত এনসিপির প্রার্থীকে নির্বাচনী শোভাযাত্রায় বাধা ও গাড়িচাপায় হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম। এ ছাড়া রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে সাংবাদিকদের কাছে বক্তব্য দেন শাপলা কলি প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খান।
অভিযোগে উল্লেখ করা হয়, শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গাজীপুর-২ সংসদীয় আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শাপলা কলি মার্কার সমর্থনে নির্বাচনী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের পোড়াবাড়ী এলাকায় মূল সড়কে পৌঁছালে ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির প্রচারণার মাইক বহনকারী অটোরিকশা শোভাযাত্রার গতিরোধ করে এবং উচ্চস্বরে মাইক বাজাতে থাকে। এসময় শাপলা কলি মার্কার শোভাযাত্রা গতি থামিয়ে তাদের চলে যাবার জন্য অনুরোধ করলেও তারা কর্ণপাত না করে উস্কানিমূলক আচরণ করতে থাকে।
এতে আরও উল্লেখ করা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এনসিপির কর্মীরা রাস্তা পার হয়ে পূর্ব পাশে পোড়াবাড়ি বাজারের দিকে যাত্রা করেন। এমন সময় ২১ নম্বর ওয়ার্ড যুবদল নেতা সুমন সরকার ও গাজীপুর-২ আসনের প্রার্থীর চাচা পরিচয়দানকারী ব্যক্তি ধানের শীষের স্টিকার সম্বলিত প্রাইভেটকার ব্যবহার করে গাড়িচাপা দিয়ে প্রাণনাশের চেষ্টা চালায়। শোভাযাত্রা রাস্তা পার হয়ে পশ্চিম পাশে পোড়াবাড়ি বাজারে পৌঁছালে বিএনপির প্রার্থীর স্টিকার সম্বলিত নির্বাচনী গাড়ি ব্যবহার করে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোফাজ্জল হোসেন উদ্দেশ্যমূলকভাবে শাপলা কলির পদযাত্রার গতিরোধ করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করে।
অভিযোগে তিনি উল্লেখ করেন, এনসিপি ইতোমধ্যে লক্ষ্য করছে নির্বাচন কমিশন কোনোভাবে লেভেল প্লেয়িং ফিল্ড রক্ষা করতে পারছে না। যার ফলে আজকের এ হত্যা চেষ্টা। প্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় আজকে পরিকল্পিতভাবে শাপলা কলির প্রার্থীকে হত্যা চেষ্টার উদ্দেশ্যে প্রথমে ধানের শীষের প্রচার গাড়ি, পরে একটি দ্রুতগতির মোটরসাইকেলে এবং সবশেষে একটি সাদা প্রাইভেট কার দ্রুতগতিতে প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খানের ওপর উঠিয়ে দেওয়ার মাধ্যমে হত্যা চেষ্টা করে। এসময় প্রার্থী প্রাণে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়েছেন এনসিপি জেলা সদস্যসচিব খন্দকার আল আমিন।
এতে বলা হয়, গত ৩০ জানুয়ারি এরশাদ নগর ৫ নম্বর ব্লক ছোট বাজারে যুবদলের আনোয়ার ও সন্ত্রাসী কামুর লোকজন শাপলা কলির প্রচারণায় বাধা দেন। পোড়াবাড়ি বাজারে স্থাপিত অ্যাডভোকেট আলী নাছের খানের নির্বাচনী বিলবোর্ড ছিঁড়ে ফেলে। এ ধরনের ঘটনা দেশের অন্যান্য স্থানের মতো সন্ত্রাসী আক্রমণের ইঙ্গিত বহন করে যা সুষ্ঠু নির্বাচনী পরিবেশের অন্তরায়। এমতাবস্থায় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা চরম নিরাপত্তাহীনতা বোধ করছেন বলে অভিযোগ করেন। সন্ত্রাসী আক্রমণের চেষ্টা, প্রচারে বাধা প্রদান ও বিলবোর্ড ছিঁড়ে ফেলার ঘটনায় নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।