টানা বৃষ্টিতে দুর্ঘটনা এড়াতে চট্টগ্রামের মিরসরাইয়ের সব ঝরনায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ। আগামী শুক্রবার পর্যন্ত উপজেলার সব কটি ঝরনায় পর্যটকদের যাতায়াত বন্ধ থাকবে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়ারঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উপজেলার ঝরনাগুলোর ইজারাদারদের সব ধরনের পর্যটন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মিরসরাইয়ের ঝরনাগুলোর ইজারাদার মেসার্স ‘থ্রি বি’র স্বত্বাধিকারী ওহিদুল ইসলাম বলেন, ‘বন বিভাগের নির্দেশনার পর আমরা মিরসরাইয়ে আমাদের ইজারাভুক্ত সব কটি ঝরনায় সব ধরনের পর্যটন কার্যক্রম বন্ধ রেখেছি। আমাদের কর্মীরা সার্বক্ষণিক বিষয়টি তদার করছে।’
চট্টগ্রাম উত্তর বন বিভাগ বারৈয়ারঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম গণমাধ্যমকে বলেন, ‘ভারী বৃষ্টির এই সময়ে পাহাড়ি ঢলে ঝরনা এলাকার ঝিরিগুলোতে তীব্র স্রোত তৈরি হয়। দুর্যোগপূর্ণ এই সময়ে অনেক পর্যটক অতি উৎসাহী হয়ে অথবা না বুঝে বিপদে পড়েন। তাই আমরা ১০ জুলাই পর্যন্ত সবকটি ঝরনায় ভ্রমণ বন্ধ রাখার বিষয়ে ইজারাদারদের নির্দেশনা দিয়েছি।’
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, ‘অতিরিক্ত বৃষ্টির কারণে ঝরনায় পানির স্রোত অনেক বেশি। এ সময় ঝরনায় যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে আগামী ১০ জুলাই পর্যন্ত ঝরনায় যাওয়া নিষিদ্ধ করা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।