প্রতিনিধি ১৯ আগস্ট ২০২৬ , ৬:০২:২৩ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য ৭১ হাজার ৬৬টি আবেদন জমা পড়েছে। গত ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ পায়।
শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, অতীতের যেকোনো বছরের তুলনায় এবার আবেদনের সংখ্যা সর্বোচ্চ।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শাহাদত উল্লাহ।
অধ্যাপক শাহাদত উল্লাহ বলেন, ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ ছিল। এ সময়ে ময়মনসিংহ শিক্ষাবোর্ডে মোট ৭১ হাজার ৬৬টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ইংরেজি বিষয়ে সবচেয়ে বেশি আবেদন এসেছে। দ্বিতীয় অবস্থানে গণিত ও তৃতীয় অবস্থানে রসায়ন।
তিনি বলেন, এবার শুধু অকৃতকার্য বা প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীরাই নন, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্য থেকেও অনেকে ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। সারা দেশের মতো ময়মনসিংহ বোর্ডেও এবার আবেদনকারীর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, পুনঃনিরীক্ষণের আবেদনগুলো মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই ও কার্যক্রম পরিচালনা করা হবে। পুনঃনিরীক্ষণের পর কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তন হলে তা যথাযথ প্রক্রিয়ায় প্রকাশ করা হবে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষাবোর্ডে মোট ১ লাখ ৯ হাজার ৬১৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করে ৬০ হাজার ২৭৪ জন। পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৮ হাজার ৩৭২ জন এবং ছাত্রী ৩১ হাজার ৯০২ জন।
এবার এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ৬২১ জন এবং ছাত্রী ৩ হাজার ৭৯ জন। এছাড়া ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।





















