আইন-আদালত

এসবির এসআইকে পিটিয়ে হত্যা মামলায় আরও ৮ আসামি রিমান্ডে

  প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২৬ , ৮:৪১:০৪ প্রিন্ট সংস্করণ

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদের্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা মামলায় আরও ৮ আসামিকে রিমান্ড নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিসসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ রিমান্ডের আদেশ দিয়েছেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. আলাউদ্দিন (২৯), মো. আপন (২৬), মো. জিহাদ (২৩), ইমরান হোসেন (২৫), নূর মোহাম্মদ রুদ্র (২৪), মো. গোলাম রাব্বি (২২), বিল্লাল (৩৪) ও দেলোয়ার (৩৩)।

আদালত আসামিদের মধ্যে প্রথম ছয়জনের ৫ দিন করে এবং অপর দুজনের তিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, সাভার মডেল থানার আমিনবাজার পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. জাকির আল আহসান আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এর আগে গতকাল সোমবার মামলার প্রধান আসামি জহুরুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার বিবরণে বলা হয়, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভারের বরদেবী পশ্চিমপাড়ায় আবুল কালাম আজাদের অটোরিকশার গ্যারেজের সামনে এক ব্যক্তির অটোরিকশা রাখাকে কেন্দ্র করে তর্কাতর্কি হয়। সেই তর্কা-তর্কি থামাতে গিয়ে আসামিদের তোপের মুখে পড়েন পুলিশ সদস্য মো. আলতাব হোসেন। প্রাণ বাঁচাতে তিনি তার ছেলের ব্যবসা প্রতিষ্ঠান ‘গ্র্যান্ড ফ্যাশন’-এ আশ্রয় নিলে রাত ৮টা ১০ মিনিটের দিকে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সেখানে হামলা চালান।

আসামিরা আলতাব হোসেনকে রড, পাইপ, হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করেন। তাকে বাঁচাতে এলে তার ছেলে আরিফুল ইসলামকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এ ছাড়া তারা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে ৫ লাখ টাকার ক্ষতি এবং ক্যাশ বাক্স থেকে ২ লাখ ২০ হাজার টাকা চুরি করেন। পরে আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক আলতাফ হোসেনবে মৃত ঘোষণা করেন। তবে তার ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়।

ওই ঘটনায় নিহতের স্ত্রী মোছা. শিউলী পারভীন বাদী হয়ে ১৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরও খবর

Sponsered content