সমৃদ্ধ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, কৃষকদের স্বস্তি দিতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ এবং এনজিও ঋণ মওকুফ করা হবে। কৃষক কার্ডের মাধ্যমে সার ও বীজ সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ইমাম, মোয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের জন্য মাসিক সম্মানীর ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন, এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দিয়ে ঘরে ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হবে এবং তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সব ধর্ম ও মতের মানুষকে সঙ্গে নিয়ে একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
বক্তব্যের শেষে তারেক রহমান দিনাজপুর জেলার বিভিন্ন আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, দিনাজপুর-৩ আসনের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আসনের প্রার্থী আকতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৫ আসনের প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামানসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।