
নেত্রকোনার কলমাকান্দায় মুন্সীপুর হাজী ইসরাইল ইসলামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষক আব্দুল্লাহর বিরুদ্ধে প্রতিষ্ঠানের দাতা ও প্রতিষ্ঠাতাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, কমিটি গঠন ও শিক্ষক-কর্মচারী নিয়োগে বাণিজ্য, হিসাব-নিকাশে অনিয়ম, অব্যবস্থাপনাসহ বিভিন্ন অভিযোগ তোলেন। এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে তাঁরা তাঁর অপসারণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য ও অভিভাবক শামছু উদ্দিন, সেলিম আহমেদ রহিম, অভিযোগকারী ইকবাল মিয়া ও মাসুম রানা এবং প্রাক্তন শিক্ষার্থী খলিলুর রহমান ও আরমান আলিফসহ অন্যরা। বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও অব্যবস্থাপনা কাম্য নয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। তাঁরা শুধু প্রধান শিক্ষক পদ থেকে অপসারণই নয়, প্রতিষ্ঠানে আব্দুল্লাহর না থাকার দাবি জানান এবং সার্বিক পরিস্থিতি ও অভিযোগ তদন্তে ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কর্মসূচি চলাকালে প্রধান শিক্ষক আব্দুল্লাহ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল্লাহ বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।