সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : ২২ জানুয়ারি ২০২৬ , ৯:৪৩:২০ প্রিন্ট সংস্করণ
নেত্রকোনার কলমাকান্দায় সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের বদলি আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে তাঁর বদলির আদেশটি প্রত্যাহার করা হয়।
এর আগে গত মঙ্গলবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউএনও মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়। পরদিন সকালে স্থানীয় লোকজন ইউএনওর বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন।
পরে বুধবার বিকেলে প্রথমে ইউএনওর বদলি আদেশ বহাল রেখে শুধু দায়িত্ব থেকে তাৎক্ষণিক অবমুক্তির বিষয়টি বাতিল করে প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে কিছু সময় পরই বদলির আদেশটি পুরোপুরি বাতিল করা হয়। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে কলমাকান্দা উপজেলার লেংগুড়া বাজারে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের ভাই পারভেজসহ কয়েকজন সরকারি জায়গা দখল করে ঘর তুলছিলেন। স্থানীয় বাসিন্দারা খবর দিলে ইউএনও সেখানে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে পারভেজকে আটক করেন।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান গিয়ে ইউএনওকে শাসিয়ে বলেন, “এখানে কার অনুমতিতে এসেছেন? আমি এই ইউনিয়নের চেয়ারম্যান। আমার ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করতে হলে আমাকে বলতে হবে।”
ইউএনও তখন প্রশ্ন করেন, “এটা কোন আইনে আছে?”
জবাবে চেয়ারম্যান বলেন, “এটা ইউনিয়ন পরিষদ আইনে আছে।”
চেয়ারম্যানের এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে গণমাধ্যমেও সংবাদ প্রকাশ করা হয়। এতে চারদিকে সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনার পরদিন (১৮ জানুয়ারি) লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।





















