
পটুয়াখালীর কলাপাড়ায় সাগরে জাল ফেলতে দাবিকৃত এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছ ধরার ট্রলারে হামলা চালিয়ে চার জেলেকে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী শাহআলম চৌকিদার ও তার ছেলেদের বিরুদ্ধে।
আহতরা হলেন মো. জাহাঙ্গীর (২৭), মো. মনির (২৩), ওমর ফারুক (৪৫) ও মোস্তফা (৪২)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহিপুর থানার ধুলাসার ইউনিয়নের মিনি সুইজারল্যান্ড সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। আহতদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ধুলাসার ও ডালবুগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
আহত জেলেদের অভিযোগ, গত কয়েকদিন ধরে সাগরে জাল ফেলতে গেলে ওমর ফারুকের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন শাহআলম চৌকিদার। বৃহস্পতিবার সকালে চাঁদা না দিয়ে চার জেলেকে নিয়ে মিনি সুইজারল্যান্ড সংলগ্ন সাগরে জাল ফেলতে যান ওমর ফারুক।
পরে শাহআলম চৌকিদারের ছেলে ইলিয়াস একটি ট্রলার নিয়ে সেখানে গিয়ে ফের এক লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় ইলিয়াস সাগর থেকে তাদের জাল নিয়ে চলে যান বলে অভিযোগ করেন জেলেরা।
এরপর শাহআলম চৌকিদার, তার ছেলে ইলিয়াস ও রিয়াজসহ ২০ থেকে ২৫ জন সাগরে গিয়ে ওমর ফারুকসহ ট্রলারে থাকা চার জেলের ওপর হামলা চালান বলে অভিযোগ। এতে চার জেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান।
তবে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন শাহআলম চৌকিদার। তিনি বলেন, ‘জাল ফেলা নিয়ে আমার ছেলের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়েছে। কিন্তু চাঁদা চাওয়ার কোনো ঘটনা ঘটেনি। চাঁদার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।