প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
কলাপাড়ায় নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় খাইরুল (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যার পরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনতলা গ্রামের নিজ বাড়ির একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত খাইরুল ওই গ্রামের মো. আলমগীর হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেলচালক ছিলেন।
নিহতের বাবা আলমগীর হাওলাদার জানান, খাইরুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের কারণে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করতেন এবং তাঁদের মারধর করতেন। এ ছাড়া স্ত্রীর সঙ্গেও তাঁর এ নিয়ে মনোমালিন্য চলছিল। খাইরুলের দেড় বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে তাঁর স্ত্রী সন্তানকে নিয়ে বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন।
তিনি আরও জানান, স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য খাইরুল প্রায়ই পরিবারের সদস্যদের চাপ দিতেন এবং বিভিন্ন সময় তাঁদের গালিগালাজ করতেন। গতকাল শনিবার সন্ধ্যায় খাইরুল বাবার কাছে টাকা চান। কিন্তু বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন এবং রাতের খাবার না খেয়েই ঘুমাতে যান।
আজ পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে বাইরে গেলে খাইরুল ঘরের দরজা বন্ধ করে দেন। পরে বাড়িতে ফিরে দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁরা খাইরুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের ভাষ্য অনুযায়ী, গোয়ালঘর থেকে দড়ি এনে তিনি আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com