পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম ধানখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ধানখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম ধানখালী গ্রামের মোঃ হাসেম বিশ্বাসের ছেলে মোঃ জাকারিয়া বিশ্বাস (২৭) এবং রহিম সরদারের ছেলে মোঃ মিরাজ সরদার (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, কলাপাড়া থানার এসআই মোঃ শহিদুল ইসলাম খানের নেতৃত্বে এএসআই শামীম আকন, এএসআই মোঃ রাসেল খানসহ পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ধলু মৃধা স্কুলের উত্তর পাশে মোকলেস খার বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৪০ পিস হালকা গোলাপি রঙের কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কলাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলা নম্বর ১৭, তারিখ ১৪ নভেম্বর ২০২৬।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করবে কলাপাড়া থানা। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।