কামরাঙ্গীচর নবীনগর এলাকায় এসি সার্ভিসিং করতে গিয়ে ছয় তলা ভবনের উপর থেকে নিচে পড়ে মো. রবিউল ইসলাম (২০) নামে মেকানিকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তিনি ওয়ালটন-এর প্রতিনিধি হয়ে সার্ভিসিং'য়ের কাজ করতেন বলে জানা গেছে।
গুরুতর আহত অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, চাঁদপুর জেলার হাজীপাড়া উপজেলার মিজানুর রহমানের ছেলে। বর্তমানে কামরাঙ্গীচর আবুসাঈদ বাজার এলাকায় থাকতেন।
সহকর্মী খালাতো ভাই রাহাদ হোসেন বলেন, ‘তারা সেখানে এসি সার্ভিসিংয়ের জন্য গিয়েছিলেন। ছয় তলা ভবনের বাইরে থাকা (আউটডোর) মেশিনটিতে কাজ করার উদ্দেশ্যে ছাদে গিয়ে রশি বেধে তার সঙ্গে রশিটি আটকানোর আগে ইটের রেলিং ধরে বাইরের দিকে নামার মুহূর্তে ইট ভেঙে নিয়ে নিচে পড়ে যান রবিউল। পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।