ইব্রাহিম সবুজ, মাদারীপুর প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৬ , ১:১৫:৩৪ প্রিন্ট সংস্করণ
মাদারীপুরের কালকিনি উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ নেতা সাইফুল ইসলাম (সাইফ)। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি উপজেলার মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
এক প্রতিক্রিয়ায় সাইফুল ইসলাম বলেন, রাজনীতি ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম নয়; মানুষের কল্যাণে কাজ করা এবং তাঁদের অধিকার প্রতিষ্ঠাই রাজনীতির মূল লক্ষ্য। তিনি তারুণ্যের শক্তি, সততা, সাহস ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করেন। পাশাপাশি তিনি কালকিনিবাসীর দোয়া, ভালোবাসা, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি ছয় দফা কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সাধারণ মানুষের সমস্যা ও প্রত্যাশা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ড ও নেতৃত্বে সম্পৃক্ত করা, শিক্ষা, কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কাজ করা, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া, জবাবদিহিমূলক সংস্কৃতি গড়ে তোলা এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা জোরদার করা।
তিনি বলেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ কালকিনি গড়ে তোলা সম্ভব।





















