
মাদারীপুরের কালকিনিতে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা একটি গ্রামীণ সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন সমাজসেবক আলহাজ্ব বাদল তালুকদার। তার এ উদ্যোগে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্বস্তি পেয়েছেন এলাকার বাসিন্দারা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতির হাট থেকে মহরদ্দিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের হাবি কাজীর বাড়ির সামনে প্রায় ১০০ মিটার অংশে সংস্কারকাজ চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির ওই অংশ দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ছিল। সামান্য বৃষ্টিতেই সেখানে পানি জমে ডোবার মতো পরিস্থিতির সৃষ্টি হতো। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যেত এবং পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, গর্ভবতী নারী ও বয়স্ক মানুষের চলাচলে সবচেয়ে বেশি সমস্যা হতো। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
এ অবস্থায় এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন সমাজসেবক আলহাজ্ব বাদল তালুকদার। তিনি কোনো সরকারি বরাদ্দ বা অনুদানের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে শ্রমিক ও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী দিয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন। বর্তমানে সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা কাজী ওসমান বলেন, “রাস্তাটির কারণে আমাদের দুর্ভোগের শেষ ছিল না। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যেত, রিকশা-ভ্যানও আসতে চাইত না। বাদল ভাই নিজের টাকায় রাস্তাটি সংস্কার করে দিয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।”
সমাজসেবক আলহাজ্ব বাদল তালুকদার বলেন, “আমি কোনো প্রচার বা প্রশংসার জন্য এ কাজ করিনি। প্রতিদিন ছোট ছোট শিক্ষার্থী ও অসুস্থ মানুষকে এই রাস্তায় কষ্ট করতে দেখতাম। বিবেকের তাড়না থেকেই নিজের সামর্থ্য অনুযায়ী রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। শুধু সরকারের ওপর নির্ভর না করে সমাজের সচ্ছল মানুষদেরও নিজ নিজ এলাকার উন্নয়নে এগিয়ে আসা উচিত।”
সড়ক সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, এ ধরনের সামাজিক উদ্যোগ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বাদল তালুকদারের এই উদ্যোগের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।