সারাদেশের মতো মাদারীপুরের কালকিনিতেও বেগম রোকেয়া দিবস ও “অদম্য নারী সংবর্ধনা ২০২৫” পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, কালকিনি পৌরসভা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ–উল আরেফীন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সফল ও সংগ্রামী নারীকে “অদম্য নারী পুরস্কার” প্রদান করা হয়। নারী শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে সংবর্ধিত হন ডা. ছালামা বেগম। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে পুরস্কৃত হন মোসা. নুপুর বেগম।
এছাড়া অর্থনৈতিকভাবে সফল নারী, সফল জননেত্রী ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখা নারী—এই পাঁচটি ক্যাটাগরিতে মোট পাঁচজনকে “অদম্য নারী পুরস্কার ২০২৫” প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়া নারীর অধিকার ও শিক্ষার অগ্রদূত। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজের প্রতিটি স্তরে নারীর সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।