
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার দমদম এলাকার বালুর গুদামের পাশের পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাঁধের ওপর থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি আতিকুর রহমান (২৮)। তিনি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রামের আব্দুল্লাহ গাজীর ছেলে।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জামাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় আতিকুর রহমানকে আটক করে তার শরীর তল্লাশি করলে প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।