চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ বৈঠক নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি দুই দেশের প্রশাসন। তবে বৈঠক শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-চীন বৈঠকের আলোচিত বিষয় নিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক বার্তাসংস্থা আল-জাজিরা।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপাক্ষিক সম্পর্ককে আগামী তিন বছর ও তার পরবর্তী সময়ের জন্য গঠনমূলক, কৌশলগত ও স্থিতিশীল সম্পর্ক হিসেবে গড়ে তোলার বিষয়ে একমত হয়েছেন।
বৈঠকে শি-জিনপিং বলেন, `চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক লাভ ও উভয়ের জন্য লাভজনক সহযোগিতা।‘ তিনি আরও বলেন, `দুই দেশের উচিত যৌথভাবে কাজ করে সম্পর্কের ইতিবাচক গতি বজায় রাখা।‘
চীনের প্রেসিডেন্ট আশ্বাস দিয়ে বলেন, `মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য চীনের দরজা “আরও উন্মুক্ত” হবে।‘
এ সময় শি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাণিজ্য, স্বাস্থ্য, কৃষি, পর্যটন, সংস্কৃতি ও আইন প্রয়োগের মতো খাতে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান।
তবে বৈঠকে তাইওয়ান ইস্যুতে কঠোর অবস্থানও পুনর্ব্যক্ত করেন শি জিনপিং বলে জানান হয় বিবৃতিতে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, ইউক্রেন সংকট এবং কোরীয় উপদ্বীপের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেছেন দুই নেতা।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক উত্তেজনার মধ্যেও বেইজিং ও ওয়াশিংটন সম্পর্ক স্থিতিশীল রাখতে নতুন কূটনৈতিক সমঝোতার ইঙ্গিত দিচ্ছে এই বৈঠক।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।