মোঃ কামরুল হাসান কাজল, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম ১২ জানুয়ারি ২০২৬ , ১:০৫:৫১ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নে তিন সন্তানের জননী এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামীর কোনো সন্ধান পাওয়া যায়নি, যা হত্যাকাণ্ডটিকে রহস্যময় করে তুলেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে ইউনিয়নের একটি গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। সোমবার (১২ জানুয়ারি) সকালে ঘরের ভেতরে নিহত নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। মরদেহের গলায় ধারালো অস্ত্রের গভীর ক্ষতচিহ্ন রয়েছে।
প্রতিবেশী ও স্বজনরা জানান, নিহত নারী ও তার স্বামীর মধ্যে প্রকাশ্য কোনো বিরোধ ছিল না। তারা একসাথে মাছের ব্যবসা করতেন এবং পারিবারিকভাবে স্বাভাবিক ও সুসম্পর্ক বজায় রেখেছিলেন।
স্থানীয়রা ধারণা করছেন, হত্যাকাণ্ডে তৃতীয় কোনো পক্ষ জড়িত থাকতে পারে। কিছু লোকের ধারণা, নিহত নারীর স্বামীও এই ঘটনায় জড়িত নাও হতে পারেন। কেউ কেউ আশঙ্কা করছেন, হত্যার সময় স্বামীকে অপহরণ করা বা তাকে হত্যার চেষ্টা করা হতে পারে। তবে এই তথ্য এখনো নিশ্চিত নয়।
নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত নারীর স্বামীর সন্ধান চলছে এবং ময়নাতদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
ঘটনাটি পুরো এলাকায় শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে। স্থানীয়রা দাবি করছেন, ঘটনার প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করা হোক।





















