প্রতিনিধি ২৪ আগস্ট ২০২৬ , ৭:১৪:৪১ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষুব্ধ কৃষকদের হাতে বিএডিসির ডিলারের গুদাম থেকে সার লুটের ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
গতকাল রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব।
এর আগে গতকাল সকালে শিলখুড়ি ইউনিয়নের এক বিএডিসি ডিলারের গুদামের বেড়া ভেঙে কৃষকেরা প্রায় ১৯০ বস্তা সার নিয়ে যায়। এ ঘটনার পর উপজেলা প্রশাসন সহকারী কমিশনারকে (ভূমি) সভাপতি করে তদন্ত কমিটি গঠন করে।
কমিটির অপর সদস্যরা হলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।
ইউএনও অমৃত দেব নাথ জানান, লুট হওয়া ১৯০ বস্তার মধ্যে ইতোমধ্যে ১০০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সার ডিলারকে এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তদন্ত কমিটিকে সোমবার তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা, সার ডিলারসহ স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে।





















