
হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—যাই হোক না কেন, সবার পরিচয় বাংলাদেশি বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেন, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে হবে এবং উসকানি থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পটুয়াখালীর কুয়াকাটার শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে রাস উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এবিএম মোশাররফ হোসেন বলেন, একদিকে মন্দির, একদিকে মসজিদ ও অন্য পাশে বৌদ্ধ বিহার রয়েছে; মানুষের মধ্যে কোনো বিভেদ নেই। ধর্মীয় বিশ্বাসের পথ ও নাম ভিন্ন হলেও সৃষ্টিকর্তা ও পারস্পরিক সম্প্রীতির জায়গাটি সবার জন্য গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ধর্মীয় বিভাজন, অশান্তি বা প্রতিহিংসা না রেখে সবার আগে বাংলাদেশি পরিচয়কে ধারণ করতে হবে এবং সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরিফুজ্জামান, কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসিন সাদেকসহ প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং রাস উৎসব আয়োজক কমিটির নেতারা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।