কুড়িগ্রাম প্রতিনিধি : ৮ এপ্রিল ২০২৬ , ১২:০৭:৪৩ প্রিন্ট সংস্করণ
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভায় জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়াকোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, পিপি অ্যাডভোকেট বজলুর রহমান, জিপি অ্যাডভোকেট আবুল কাশেম এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, নববর্ষকে ঘিরে কুড়িগ্রামে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্যবাহী আয়োজনসহ বিভিন্ন জনসম্পৃক্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, নববর্ষ উদযাপনকে সার্বজনীন ও উৎসবমুখর করতে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত বক্তারা কুড়িগ্রামে আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশে নববর্ষ উদযাপনের জন্য বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।




















