বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মনোনীত হওয়ায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের কৃতি সন্তান, ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমদকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় উপজেলা যুবদলের উদ্যোগে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি শামীম হোসেন সুমন, সাধারণ সম্পাদক আকতারুর ইসলাম আকতার, পৌর যুবদলের সভাপতি প্রভাষক ওমর ফারুক, সাধারণ সম্পাদক মমিনুর রহমান মমিন এবং সাংগঠনিক সম্পাদক মুক্তারুর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতার কারণে কেন্দ্রীয় যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্বে কামাল আনোয়ার আহমদের মনোনয়ন ঠাকুরগাঁওবাসীর জন্য গর্বের বিষয়।
জানা গেছে, গত ৩ জুন আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। পরদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
রাজনৈতিক অঙ্গনে কামাল আনোয়ার আহমদের পথচলা শুরু হয় ছাত্ররাজনীতির মাধ্যমে। ঢাকা কলেজে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে তিনি নিজেকে একজন সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে যুবদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করেন।
দলীয় নেতাকর্মীদের মতে, তৃণমূল থেকে উঠে আসা পরীক্ষিত ও ত্যাগী সংগঠক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক জীবনে একাধিকবার মামলা, গ্রেপ্তার ও কারাবরণের মতো পরিস্থিতির মুখোমুখি হলেও তিনি দলীয় কর্মকাণ্ড থেকে সরে যাননি।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় কামাল আনোয়ার আহমদ বলেন, “আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দলের আদর্শ ও নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করে আমৃত্যু সংগঠনের জন্য কাজ করে যেতে চাই।”
এদিকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈল, পীরগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট ও শুভেচ্ছাবার্তা প্রকাশ করা হয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন দায়িত্বে কামাল আনোয়ার আহমদ যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে এবং তরুণ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।