সারাদেশ

কোম্পানীগঞ্জে এলজিইডির গুরুত্বপূর্ণ সড়কের ওপর ঘর নির্মাণের অভিযোগ

  কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: ১৯ ডিসেম্বর ২০২৫ , ৯:৩২:০৩ প্রিন্ট সংস্করণ


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের কাঁঠালবাড়ী সেতুর পাশে এলজিইডির গুরুত্বপূর্ণ সড়কের ওপর ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঁঠালবাড়ী চৌমোহনী বাজারসংলগ্ন এলজিইডির এই সড়কটি প্রায় ৫০ বছরের পুরনো। ভোলাগঞ্জ থেকে সুনামগঞ্জের ছাতক পর্যন্ত যাতায়াতে ব্যবহৃত এ সড়কটি এখনো কোম্পানীগঞ্জ উপজেলার অন্তত তিনটি ইউনিয়নের মানুষের চলাচলের প্রধান পথ। জনসাধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির উন্নয়ন কাজে বর্তমানে কয়েক কোটি টাকার নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

এমন অবস্থায় কাঁঠালবাড়ী গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে আব্দুস সোবহান সড়কের ওপর বা সড়কসংলগ্ন স্থানে ঘর নির্মাণ করছেন—এমন অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে সরেজমিনে আব্দুস সোবহানের সঙ্গে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি রাস্তার ওপর ঘর নির্মাণ করছেন না। তবে তিনি স্বীকার করেন যে উক্ত জায়গার কোনো দলিল বা কাগজপত্র তার কাছে নেই।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি অবগত হওয়ায় দ্রুত সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মিত হলে জনদুর্ভোগ আরও বাড়বে।

আরও খবর

Sponsered content