সারাদেশ

ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধ, চিকিৎসার জন্য সবার সহযোগিতা চান সাবেক ইউপি সদস্য রানু বেগম

  সাঈদ ইবনে হানিফ: ২৮ জুন ২০২৬ , ৯:৪৫:১৩ প্রিন্ট সংস্করণ

মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন যশোরের নরেন্দ্রপুর ইউনিয়নের (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য রানু বেগম টুনি। অর্থাভাবে তার চিকিৎসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। একসময় মানুষের সেবায় ইউনিয়নজুড়ে নিরলসভাবে কাজ করা এই জনপ্রতিনিধি এখন নিজেই চিকিৎসার জন্য মানুষের সহযোগিতা কামনা করছেন।

পরিবার সূত্রে জানা যায়, ক্যান্সার ধরা পড়ার পর থেকে চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। চিকিৎসার খরচ জোগাতে নিজেদের সামান্য সম্পদও বিক্রি করতে হয়েছে। এ পর্যন্ত দুই দফা কেমোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন করা হলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সুস্থতার জন্য আরও চারটি কেমোথেরাপি প্রয়োজন।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, প্রতি ২১ দিন পরপর একটি করে কেমোথেরাপি দিতে হবে। প্রতিটি কেমোথেরাপির জন্য প্রায় ৩৫ হাজার টাকা ব্যয় হচ্ছে। কিন্তু এই ব্যয় বহনের মতো আর্থিক সক্ষমতা বর্তমানে পরিবারের নেই।

সম্প্রতি খোঁজ নিতে গেলে কান্নাজড়িত কণ্ঠে রানু বেগম বলেন, “একসময় মানুষের সেবা করার জন্য পুরো ইউনিয়নজুড়ে ছুটে বেড়িয়েছি। মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আজ অসুস্থ হয়ে নিজেই চিকিৎসার জন্য অসহায় হয়ে পড়েছি। অর্থের অভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছি না। আমি বাঁচতে চাই, সুস্থ হয়ে আবার মানুষের পাশে দাঁড়াতে চাই।”

তিনি সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও প্রবাসী বাংলাদেশিদের প্রতি সহযোগিতার আবেদন জানিয়ে বলেন, “আপনাদের সামান্য সহযোগিতাই আমার চিকিৎসা চালিয়ে যেতে সহায়তা করবে এবং হয়তো আমাকে নতুন জীবন দেবে।”

রানু বেগমের পরিবারের পক্ষ থেকেও মানবিক সহায়তার আহ্বান জানানো হয়েছে। তারা জানান, একজন সাবেক জনপ্রতিনিধির জীবন বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

সহায়তা পাঠানোর ঠিকানা:
ব্যাংক: অগ্রণী ব্যাংক লিমিটেড, ঝুমঝুমপুর শাখা, যশোর
সঞ্চয়ী হিসাব নম্বর: ০২০০০১৬৯৩৫৩৯৯

বিকাশ (পার্সোনাল): ০১৯৩৩-১৮৩৬১২

পরিবারের প্রত্যাশা, সমাজের সহৃদয় ব্যক্তিদের সহযোগিতায় রানু বেগম প্রয়োজনীয় চিকিৎসা সম্পন্ন করে আবারও সুস্থ জীবনে ফিরতে পারবেন।

আরও খবর

Sponsered content