বিরতি থেকে ফেরার পর প্রথম ম্যাচে জ্বলে উঠলেন ক্রিস্টিয়ানো রোনালদো। জোড়া গোল করে মাইলফলকের উপলক্ষ রাঙালেন পর্তুগিজ মহাতারকা। সৌদি প্রো লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল আল নাসর। ঘরের মাঠে শনিবার লিগ ম্যাচে আল ওখদুদকে ৩-০ গোলে হারায় আল নাসর।
মাঠে নেমেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেন রোনালদো। পেশাদার ফুটবলে ২৩ বছরের পথচলায় তার এক হাজার ৩০০তম ম্যাচ এটি। প্রতিযোগিতামূলক ফুটবলে তার চেয়ে বেশি ম্যাচ খেলার নজির আছে কেবল দুজনের।
সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি দীর্ঘদিন ধরে ছিল পিটার শিল্টনের। সর্বকালের সেরা গোলকিপারদের একজন বলে বিবেচিত এই ইংলিশ তারকা ১৯৬৬ থেকে ১৯৯৭ পর্যন্ত খেলেন এক হাজার ৩৯০ ম্যাচ। গত আগস্টে তার রেকর্ড ভেঙে দেন ব্রাজিলিয়ান গোলকিপার ফাবিও। ৪৫ বছর বয়সে এখনও খেলে চলেছেন তিনি স্বদেশের ক্লাব ফ্লুমিনেসির হয়ে। এখন তার ম্যাচ-সংখ্যা এক হাজার ৪০৭টি।
ম্যাচের ৩১তম মিনিটে সতীর্থের কর্নারে হেডে দলকে এগিয়ে নেন রোনালদো। প্রথমার্ধের যোগ করা সময়ে কাছ থেকে পায়ের টোকায় ব্যবধান দ্বিগুণ করেন ৪০ বছর বয়সী ফরোয়ার্ড। আর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দলের তৃতীয় গোলটি করেন তার জাতীয় দল সতীর্থ জোয়াও ফেলিক্স।
হ্যাটট্রিকও হতে পারত রোনালদোর। জালে বল পাঠালেও তৃতীয় গোল পাননি তিনি অফসাইডের কারণে।
হাজার গোলের পথে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ারে গোল হলো ৯৫৬টি। চলতি বছরে সব মিলিয়ে তার গোল এখন ৪০টি।
১০ ম্যাচে ১২ গোল করে যৌথভাবে এবারের সৌদি প্রো লিগের সর্বোচ্চ স্কোরার রোনালদো। তার সমান গোল ফেলিক্সেরও।
সৌদি প্রো লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে আসরের প্রথম ১০ ম্যাচে জিতল আল নাসর। ২০১৮-১৯ মৌসুমে প্রথম ৯ ম্যাচে জিতেছিল আল হিলাল।
৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাসর। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আল হিলাল।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।