২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়ার হতাশাজনক বিদায়ের পর দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন দলের অধিনায়ক সন হিউং-মিন। একই সঙ্গে সতীর্থদের কঠোর সমালোচনা না করে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম পোস্টে সন বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারার কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে নিজের সর্বোচ্চ দিয়ে লড়াই করবেন।
সন লিখেছেন, ‘কোথা থেকে শুরু করব, জানি না। কিছুই হয়নি এমন ভান করতে পারি না, বাস্তবতা থেকেও পালাতে চাই না। প্রথমেই কোরিয়ার সব মানুষ এবং ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমা চাইছি।’
বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে জয় দিয়ে অভিযান শুরু করেছিল দক্ষিণ কোরিয়া। তবে পরের দুই ম্যাচে হেরে গ্রুপ 'এ'-তে তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে দলটি।
শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ড্র করলেই নকআউট পর্ব নিশ্চিত হতো। কিন্তু ১-০ গোলে হেরে সেরা আট তৃতীয় স্থানধারী দলের তালিকায়ও জায়গা করে নিতে পারেনি তারা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে ছিলেন না ৩৩ বছর বয়সী সন। সাবেক টটেনহ্যাম হটস্পার তারকাকে দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হলেও তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেননি।
বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব এলএ এফসির হয়ে খেলা সনের আন্তর্জাতিক গোলসংখ্যা ৫৬। তবে এবারের বিশ্বকাপে গোলের দেখা পাননি তিনি।
এদিকে বিশ্বকাপ থেকে বিদায়ের পরপরই প্রধান কোচ হং মিয়ং-বো পদত্যাগ করেছেন। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং দলের ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন।
দেশের হয়ে সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলা সন বলেন, এই বিশ্বকাপ তার জন্য ছিল বিশেষ গুরুত্বের।
তিনি লিখেছেন, ‘আমি সবসময় যে শৈশবের স্বপ্নের কথা বলেছি, সেটি ভেঙে গেছে। এই কষ্ট ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এখনো এই বাস্তবতা মেনে নেওয়া কঠিন।’
সন আরও বলেন, ‘আমি জানি, এই মঞ্চে পৌঁছাতে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সমর্থকদের সময়, ভালোবাসা এবং অবিরাম সমর্থনের প্রতিদান দিতে না পারার দায়ও আমি অনুভব করছি।’
সমর্থকদের উদ্দেশে দক্ষিণ কোরিয়ার অধিনায়ক বলেন, ‘আমি আবারও নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, যাতে কোরিয়ার মানুষ ও ফুটবলপ্রেমীদের মন জয় করতে পারি। আপনাদের আনন্দ দিতে আমি প্রাণপণ লড়ব।’
পোস্টের শেষ অংশে তিনি সমর্থকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, ‘এই কঠিন সময়ে খেলোয়াড়দের সমালোচনা বা কষ্ট দেওয়ার বদলে দয়া করে তাদের উষ্ণ সমর্থন ও উৎসাহ দিন।’
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।