
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় এ আগুনের সূত্রপাত হয়। এতে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চেয়ার, টেবিল, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে। তবে সরকারি নথিপত্র ও সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে ইউএনও কার্যালয়ের দ্বিতীয় তলায় তাঁর কক্ষে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। আগুন ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে এসে পরিষদ চত্বরের পুকুর থেকে পানি এনে নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মদন উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে; তবে নাশকতার কোনো বিষয় আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত ছাড়া আগুন লাগার প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।
উপজেলা প্রশাসনের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয় এ ভবন থেকেই। অগ্নিকাণ্ডে সরকারি নথিপত্র, দাপ্তরিক সরঞ্জাম ও প্রশাসনিক কার্যক্রমের কী ধরনের ক্ষতি হয়েছে, তা কক্ষগুলো পরিদর্শন ও যাচাই-বাছাইয়ের পর স্পষ্ট হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।