খুলনা প্রতিনিধি: খুলনায় এক রাতে পৃথক দুটি ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। এসব ঘটনায় জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে খুলনার রূপসা ও নগরীর হরিণটানা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
রূপসায় সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত ১, গুলিবিদ্ধ ২:
জেলার রূপসা উপজেলার রাজাপুর গ্রামে বৃহস্পতিবার রাত ৮টার দিকে সন্ত্রাসীদের গুলিতে সাব্বির (২৭) নামের এক যুবক নিহত হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন। তাদের মধ্যে সাদ্দাম নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। গুলিবিদ্ধ অপর যুবক কাউয়া মিরাজ স্থানীয় একটি ক্লিনিকে অস্ত্রের ভয় দেখিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে যায়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, নিহত সাব্বির এবং গুলিবিদ্ধ মিরাজ দুজনেই খুলনার আলোচিত মাদক ও সন্ত্রাসী সিন্ডিকেট ‘বি কোম্পানি’-এর সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এই গুলির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি খালি কার্তুজ, চারটি লাইভ কার্তুজ, কিছু ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে। এছাড়াও গ্রেনেড সদৃশ একটি বস্তুও মরদেহের পাশে পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করে দেখছে পুলিশ।
হরিণটানায় জমি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা:
একই রাতে, নগরীর হরিণটানা থানাধীন রাজবন্ধ এলাকার দক্ষিণপাড়ায় নির্মমভাবে হত্যা করা হয় বাবলু দত্ত (৫০)-কে। তিনি বালু ও জমির ব্যবসায়ী ছিলেন। এলাকাবাসীর ভাষ্যমতে, রাত ১০টার দিকে বাইরের কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে তাকে ফাঁকা একটি প্লটে নিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।
হরিণটানা থানার ওসি শেখ খায়রুল বাসার জানান, ধারালো ছুরি দিয়ে হত্যা করা হয়েছে বাবলু দত্তকে। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা না গেলেও, ঘটনার তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এক রাতে দুই খুনে জনমনে আতঙ্ক":
একই রাতে খুলনার দুটি এলাকায় সংঘটিত এসব হত্যাকাণ্ডে নগরজুড়ে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ নাগরিকরা। স্থানীয়দের অনেকেই বলছেন, সন্ত্রাসী ও মাদক চক্রের দৌরাত্ম্য রোধে প্রশাসনের আরও কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন।
পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাই গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।