প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৮:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিচয়ে, ক্লিনিক ব্যাবসায়ীর কোচিং বাণিজ্যের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিচয়ে কোচিং বাণিজ্য, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় এবং শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে রিপন গাজী নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু তাই নয়, আবাসিক এলাকার একটি ভাড়া বাসার দ্বিতীয় তলায় ঝুঁকিপূর্ণ পরিবেশে পরিচালিত হচ্ছে তাঁর কোচিং কার্যক্রম।
সরেজমিনে দেখা যায়, আবাসিক এলাকার ওই ভাড়া বাসার দ্বিতীয় তলায় প্রায় ৩০ জন শিক্ষার্থী নিয়ে কোচিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে একটি ভাঙাচোরা সিঁড়ি। ঝুঁকিপূর্ণ এই সিঁড়ি দিয়ে প্রতিদিন ওঠানামা করছে কোমলমতি শিক্ষার্থীরা। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেই। এমনকি সিঁড়িতে ওঠানামার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থাও দেখা যায়নি।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৯ সালে খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পান রিপন গাজী। পরবর্তীতে বিদ্যালয়ে স্থায়ী নিয়োগ না পেলেও তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কোচিং কার্যক্রম শুরু করেন। অভিযোগ রয়েছে, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে নিজেকে বিদ্যালয়ের স্থায়ী নিয়োগপ্রাপ্ত শিক্ষক হিসেবে পরিচয় দিয়ে আসছেন তিনি।
এদিকে, রিপন গাজী কলাপাড়া নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের ব্যবসার সঙ্গেও জড়িত বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
আরও অভিযোগ রয়েছে, রিপন গাজী শিক্ষার্থীদের লেখাপড়া চলাকালীন সময়ে ক্লিনিক, ফটো মেশিন, বিকাশ ব্যাবসার কাজে ব্যাস্ত থাকেন, এইসুবাদে নিজের স্ত্রীকে দিয়ে কোচিং কার্যক্রম পরিচালনা করিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। পাশাপাশি কোচিংয়ে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও নির্যাতনের অভিযোগও তুলেছেন সংশ্লিষ্টরা।
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্থায়ী শিক্ষক না হয়েও শিক্ষক পরিচয় ব্যবহার করে ব্যক্তিগত কোচিং পরিচালনা, অতিরিক্ত অর্থ আদায়, ঝুঁকিপূর্ণ পরিবেশে পাঠদান এবং শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন সচেতন অভিভাবকরা।
এসব অভিযোগের বিষয়ে রিপন গাজীর কাছে জানতে চাইলে তিনি অভিযোগগুলোর সরাসরি জবাব না দিয়ে বারবার খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের কোচিং সেন্টার নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বিদ্যালয়ের অন্য শিক্ষকদের কোচিং বাণিজ্যের বিষয়টি প্রতিহত করার কথা বলেন। পাশাপাশি বিদ্যালয়ের শ্রেণিকক্ষে কোচিং কার্যক্রম পরিচালনার বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাজ করার পরামর্শ দেন। নিউজ করলে সাংবাদিকদের দেখে নেয়ারও হুমকি দেন রিপন গাজী।
রিপন গাজীর বিষয় জানতে চাইলে কলাপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান, তিনি আমার স্কুলের একজন খন্ডকালীন শিক্ষক, তিনি কোনভাবেই এই স্কুলের ছাত্র/ছাত্রীদের কোচিং করাতে পারে না এবং কোন শিক্ষক যদি কোচিং করান তার দায়ভার স্কুল কর্তৃপক্ষ নিবে না। আমার স্কুলের কোন শিক্ষক ছাত্র-ছাত্রীদের কোচিং না করানোর জন্য আমরা স্কুলে নোটিশ বোর্ড টানিয়ে দিয়েছি। তবে রিপন গাজী কেন নিজেকে নিয়মিত শিক্ষক পরিচয় দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের কোচিং করাচ্ছে সে বিষয়টা আমরা খতিয়ে দেখছি।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন বলেন, কোন শিক্ষক তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছাত্রদের কোচিং করাতে পারে না। যেহেতু তিনি ঐ স্কুলের নিয়মিত শিক্ষক নয় সেহেতু সে ঐ স্কুলের কোন শিক্ষার্থীকে কোচিং করাতে পারবেনা। এই বিষয়টি ইউএনও স্যার কে অবহিত করুন, তিনি কোচিং বন্ধে ব্যাবস্থা নিবেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান বলেন,খোঁজখবর নিয়ে দেখে ব্যবস্হা নিচ্ছি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com