প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৫, ২০২৬, ২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৫, ১১:৪২ অপরাহ্ণ
গঙ্গাচড়ায় দিনে-দুপুরে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

রংপুরের গঙ্গাচড়ার লক্ষীটারী ইউনিয়নের পূর্ব মহিপুর এলাকায় বসতবাড়িতে সশস্ত্র হামলা, ভাঙচুর ও প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর ) সকালে সংঘটিত এ ঘটনার পর ভুক্তভোগী জহুরা বেগম গঙ্গাচড়া মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে বলা হয়, সকাল আনুমানিক ৭টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে অনুপস্থিত থাকার সুযোগে স্থানীয় শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, মিঠু মিয়া, শাওন মিয়া এবং নূরল ইসলামসহ পাঁচজন সশস্ত্র অবস্থায় বসতবাড়িতে প্রবেশ করেন। তাদের হাতে লাঠি, লোহার রড, দা, ছোরা, হাসুয়া ইত্যাদি ধারালো অস্ত্র ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা বসতঘরে অনধিকার প্রবেশ করে একটি শ্যালো মেশিন, একটি পাওয়ার টিলার, একটি ভুট্টা ভাঙা মেশিন, ৪০ মণ তামাক ও ৩০ মণ ধানসহ প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এসময় তারা বসতবাড়ির টিনের বেড়া ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে।
প্রত্যক্ষদর্শী ছমছু মিয়া বলেন, আমি দেখতেছী কয়েকজন লোক লাঠি, রড আর ধারালো অস্ত্র নিয়ে জহুরাদের বাড়ির দিকে দৌড়ে যাচ্ছে। কিছু সময় পর তারা ঘরের ভেতর থেকে মেশিন, তামাক আর ধানের বস্তা বের করে নিয়ে যাচ্ছে। তাদের আচরণ খুব উত্তেজিত ছিল, কেউ কিছু বললে মারার জন্য প্রস্তুত মনে হচ্ছিল।
প্রত্যক্ষদর্শী মুকুল মিয়া বলেন,আমি ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। দেখি ৪-৫ জন জোর করে ঘরে ঢুকে টিনের বেড়া ভাঙছে। পরে তারা মালামাল ট্রলির মতো কিছুতে করে দ্রুত নিয়ে যায়। এ ঘটনা দেখে আমরা ভয়ে এগোতে পারিনি।
প্রত্যক্ষদর্শী ছবি বেগম বলেন, আমি সব দেখেছি। ঘরের সামনে দাঁড়িয়ে তারা উচ্চস্বরে গালাগাল করছিল। জোরপূর্বক ঘর থেকে মেশিনপাট বের করল। সবকিছু মিলিয়ে ঘটনাটি পরিকল্পিত বলেই মনে হয়েছে।
ভুক্তভোগী জহুরা বেগম বলেন, দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা তার পরিবারকে হুমকি দিয়ে আসছিল। সুযোগ পেয়ে তারা হামলা ও লুটপাট চালিয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com