নাহিদ মিয়া , মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৮:১০:৪৬ প্রিন্ট সংস্করণ
গজলের সুরে শুরু হয়ে ভোট চাওয়ার আহ্বানে শেষ—এমন ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণায় আলোচনায় এসেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী।
সম্প্রতি মাধবপুর উপজেলার শাহপুর বাজারে আয়োজিত এক পথসভায় তিনি গজল পরিবেশন করেন। ‘আজরাঈল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই খরবা লুকালুকি…’—গজলের সুরে উপস্থিত কয়েকশ মানুষ একযোগে কণ্ঠ মেলান। গজল শেষে শান্ত ও আকুতিভরা কণ্ঠে তাহেরী ভোট চেয়ে বলেন, ‘ভাইজান, বাজান ভোটটা দিয়েনও।’ এতে মুহূর্তেই উপস্থিত জনতার মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।
পথসভায় প্রচারণার শেষ পর্যায়ে তাহেরীর এক কর্মী মাইক হাতে নিয়ে বলেন, ‘এমপি অইলে মাধবপুরে ফ্রি ওয়াজ।’ এই ব্যতিক্রমী ভোট চাওয়ার দৃশ্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ সময় তাহেরী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে তাঁর নির্বাচনী এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগ করেন। পাশাপাশি ভোটারদের কাছে দোয়া চেয়ে আরও ১১টি পথসভা করার ঘোষণা দিয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।
চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ২৭২ জন। এ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আলোচনায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী এসএম ফয়সল এবং ইসলামিক ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরী।
অন্য প্রার্থীরা হলেন—খেলাফত মজলিস-এর আহমদ আবদুল কাদের, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মো. মুজিবুর রহমান, ইনসানিয়াত বিপ্লবের মো. রেজাউল মোস্তফা, সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন, মুসলিম লীগ-এর শাহ মো. আল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী ও এসএ সাজন।




















