প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২৬ , ১২:২২:৫৩ প্রিন্ট সংস্করণ
ভোট যতই ঘনিয়ে আসছে, প্রচারণায় ততই ব্যস্ত সময় পার করছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুল হক মিলন।
গতকাল শুক্রবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে উঠান বৈঠকে অংশ নেন তিনি।
সেখানে তিনি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘বিগত ১৭ বছর অনেক কষ্ট করেছেন,নির্বাচনের আর কয়েকটা দিন মাত্র বাকি এই সময়টা ভোটারদের কাছে যেয়ে ধানের শীষের পক্ষে ভোট দিতে প্রচারণা চালান।’
এসময় তিনি উপস্থিত ভোটারদের কাছে ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
তিনি ভোটারদেরকে আশ্বস্ত করে বলেন, ‘নির্বাচিত হলে ওই এলাকার অবহেলিত জনপদগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কার্যক্রম শুরু করা হবে। বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে এবং নারীদের সক্ষমতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে।’
এদিন গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন তার সহধর্মিনী শম্পা হক, পুবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সরকার, সাবেক আহ্বায়ক সুলতান উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, সাবেক সদস্য সচিব নজরুল ইসলাম খান বিকিসহ থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
অপরদিকে স্বামীর জন্য ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ধানের শীষের প্রার্থী এ.কে.এম ফজলুল হক মিলনের সহধর্মিণী শম্পা হক। বিশেষ করে নারী ভোটারদের কাছে ভোট পেতে তিনি আলাদা গুরুত্ব দিচ্ছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পথসভা ও উঠান বৈঠকে নারীদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন এবং সমাধানের আশ্বাস দিচ্ছেন।
চলতি পথে বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময় করে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছেন তিনি। গাজীপুর-৫ আসনের কালীগঞ্জ উপজেলা, বাড়িয়া ইউনিয়ন এবং গাজীপুর মহানগরীর পুবাইল এলাকায় দিন-রাত ফজলুল হক মিলনের বার্তা পৌঁছে দিচ্ছেন নারী ভোটারদের কাছে।
শম্পা হককে কাছে পেয়ে এ আসনের নারী ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। মহিলা দল ও যুব মহিলা দলের নেতাকর্মীরাও তার সঙ্গে থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগে সক্রিয় রয়েছেন। এ সময় তারা ধানের শীষে ভোট দিয়ে ফজলুল হক মিলনকে বিজয়ী করার আহ্বান জানান।




















