গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন আরও দুজন। এ ঘটনায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমানকে আটক করা হয়েছে।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে কাশিমপুর থানাধীন চক্রবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাফিজ খুলনা জেলার দাকোপ থানার বাঁশখালী গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। আটককৃত আতাউর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার ফলগাছা গ্রামের আব্দুল মজিদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে চক্রবর্তী এলাকায় রাফিজ একটি দোকানে ঝাল মুড়ি খাচ্ছিলেন। এ সময় পাশের আরেকটি দোকানের ঝাল মুড়ি বিক্রেতা কয়েকজন পথচারীর সঙ্গে বাগবিতণ্ডা ও চিৎকার চেঁচামেচি করছিলেন। রাফিজ সেখানে গিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা নিজের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে উপস্থিত আরও দুজনসহ রাফিজের ওপর হামলা চালান। হামলায় রাফিজের পেটে ছুরিকাঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাফেজের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমানকে আটক করে পুলিশ।
কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক আহমেদ জানান, অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও একটি হত্যা মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।