
গাজীপুর মহানগরীতে শাটডাউন কর্মসূচি ও শেখ হাসিনা মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো সোমবার পৃথক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। সকাল ১১টায় টঙ্গীর চেরাগ আলী মোড় থেকে দুটি মিছিল শুরু হয়।
প্রথম মিছিলটির নেতৃত্ব দেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। অপর মিছিলটি নেতৃত্ব দেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন। একই সময়ে টঙ্গী বাজার এলাকা থেকে তৃতীয় মিছিল বের করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
মিছিলগুলো ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ প্রদক্ষিণ করে পুনরায় চেরাগ আলী মোড়ে এসে শেষ হয়। মোটরসাইকেল বহর যোগ হওয়ায় মিছিলে বাড়তি দৃশ্যমানতা তৈরি হয় এবং সাময়িক যানজট সৃষ্টি হলেও তা নিয়ন্ত্রণে ছিল।
মিছিলে অংশ নেন মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ সুমন, বিএনপি নেতা সরকার শাহ নুর ইসলাম রনিসহ অন্যান্য নেতাকর্মী। তারা সরকারের নীতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে স্লোগান দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানান।
নেতারা বলেন, আন্দোলনে বাধা দেওয়া হলে কর্মসূচি আরও জোরদার করা হবে এবং শেখ হাসিনার সর্বোচ্চ সাজা কার্যকর না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ধারাবাহিক আন্দোলন চলবে।
পুলিশ পুরো সময় মাঠে সক্রিয় থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিকেলে মামলার রায় ঘোষণায় শেখ হাসিনা সহ তিন জনের মৃত্যুদণ্ডের সংবাদ প্রকাশিত হলে টঙ্গী বাজার এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন সরকার জাবেদ আহমেদ সুমন। এ সময় নেতাকর্মীদের উল্লাস প্রকাশ করতে দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।