প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৮, ২০২৫, ৮:১০ অপরাহ্ণ
গাজীপুরে যুবদল নেতার বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

গাজীপুর মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ রহমান হাবিবের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও হামলার অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার সকালে টঙ্গী সিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ আনেন হোসনার টেক এলাকার বাসিন্দা নুরুন নাহার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুন নাহার বলেন,আমরা প্রায় তিন-চার বছর আগে বৈধভাবে হোসনার টেক এলাকায় একটি তফসিলভুক্ত জমি ক্রয় করি। দীর্ঘদিন ধরে সেখানে গাছপালা লাগিয়ে এবং বাউন্ডারি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে জমি ভোগ করে আসছি। সম্প্রতি বাড়ি নির্মাণের উদ্যোগ নিলে স্থানীয় যুবদল নেতা হাবিবুল্লাহ রহমান হাবিব আমাদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
তিনি আরও জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হাবিব ও তার অনুসারীরা জমির বাউন্ডারির দেয়াল ভেঙে ফেলেন, ১২-১৩টি গাছ কেটে দেন এবং জমির একটি অংশ দখল করে সেখানে রাস্তা নির্মাণ শুরু করেন। বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয় এবং নির্মাণ সামগ্রীও তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
নুরুন নাহার বলেন,ঘটনার ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ আমাদের অভিযোগ গ্রহণ করেনি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইলেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি। হাবিব রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় দাপট দেখাচ্ছেন। তার ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার প্রধান উপদেষ্টা ও রাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান।
এই বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা হাবিবুল্লাহ রহমান হাবিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
এমআই
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com