
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে ঝিনাইদহ জেলা বিএনপি, দোকান মালিক সমিতি, সামাজিক ঐক্য জোট ও মানবাধিকার সংগঠন আমাসুফ। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন জেলার সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও আর টিভির জেলা প্রতিনিধি শিপুল জামান, সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি রাজিব হাসান, সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, সময় টিভির জেলা প্রতিনিধি সোহাগ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর ভয়াবহ আঘাত। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের দাবি জানান, যাতে ভবিষ্যতে আর কেউ সাংবাদিকদের ওপর হামলার সাহস না পায়। একই সঙ্গে সারা দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।