গাজীপুরে “দৈনিক প্রতিদিনের কাগজ” এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে নওগাঁর মান্দায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ আগস্ট) বিকেলে উপজেলার প্রসাদপুর বাজারের গোলচত্বর মোড়ে মান্দা মিডিয়া সেন্টারের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক কর্মী, শিক্ষক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন মান্দা মিডিয়া সেন্টারের উপদেষ্টা আব্দুল মালেক, সভাপতি আব্দুল কাইয়ুম, সহ-সভাপতি খ.ম আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক মাহবুবুজ্জামান সেতু প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা শুধু সাংবাদিক নয়, দেশের সকল মানুষের নিরাপত্তাহীনতার চিত্র স্পষ্ট করে। সারা দেশের সাংবাদিকরা এখন আতঙ্কে রয়েছেন।
তারা দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নিহত তুহিনের এতিম সন্তান ও বৃদ্ধ বাবা-মায়ের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচির আগে মান্দা মিডিয়া সেন্টারে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে নিহত সাংবাদিক তুহিনসহ প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
উল্লেখ্য, গত ৭ আগস্ট সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করে। এ ঘটনায় পুলিশ ও র্যাব এখন পর্যন্ত সাতজনকে আটক করেছে।
