
ডিসেম্বর মাসকে ঘিরে দিনাজপুরের হিলি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদারের পাশাপাশি ড্রোন, থার্মাল ডিভাইস, ডগ স্কোয়াডসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। স্পর্শকাতর এলাকায় নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্ল্যাগ লাইট স্থাপন করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় হিলি সীমান্তের পরিস্থিতি পরিদর্শন শেষে চেকপোস্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।
তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে। তবে এখন পর্যন্ত এসব গুজবের কোনো বাস্তব প্রতিফলন বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি দায়িত্ব পালন করছে।
লতিফুল বারী আরও বলেন, ডিসেম্বর বিজয়ের মাস। এ মাসকে সামনে রেখে যাতে কোনো অস্থিতিশীল বা নাশকতামূলক পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য সীমান্তের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে থার্মাল ডিভাইস, ডগ স্কোয়াড ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।
তিনি জানান, ২০ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে নাইট ভিশন ডিভাইস, সার্চলাইট ও ফ্ল্যাগ লাইট বসানো হয়েছে। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বয়ংক্রিয় সরঞ্জামে সজ্জিত রিজার্ভ প্লাটুন প্রস্তুত রয়েছে। সীমান্ত সুরক্ষিত রাখতে বিজিবি সদস্যরা সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।