গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা ও তাণ্ডব লগি-বৈঠার আন্দোলনের সময় মানুষ হত্যার পর লাশের ওপর নৃত্য করার ঘটনার কথা মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাছানাত আলী।
তিনি বলেন, গোপালগঞ্জে যেভাবে নির্বিচারে বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
সোমবার দুপুরে দেশব্যাপী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আয়োজিত র্যালি ও বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধির অজুহাতে যেভাবে সারা দেশে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও কারখানায় আগুন দেওয়ার ঘটনা ঘটছে, তা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ। এর মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করার চেষ্টা চলছে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের প্রচলিত আইনের আওতায় এনে বিচার করতে হবে। কোনো কারখানায় যেন আর আগুন দিতে না পারে, তা নিশ্চিত করতে হবে। সম্ভাবনাময় তৈরি পোশাকশিল্পকে ধ্বংস করে বিদেশে পাঠিয়ে দেওয়ার যে নীলনকশা চলছে, সেই ষড়যন্ত্র শক্ত হাতে দমন করতে হবে।
ড. হাছানাত আলী বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারকে জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জনগণ চায়, সরকার বিশৃঙ্খলাকারীদের হাত থেকে দেশকে রক্ষা করুক। গার্মেন্টসশিল্প ধ্বংসের সঙ্গে জড়িত এবং শ্রমিকের পরিচয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক। একই সঙ্গে চাঁদাবাজি প্রতিহত করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হোক।
তিনি বলেন, রাজনৈতিক বিভাজন ও মতপার্থক্য থাকতে পারে। কিন্তু রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে সম্ভাবনাময় গার্মেন্টসশিল্পকে ধ্বংসের উদ্দেশ্যে যারা কারখানায় আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করছে, তাদের পরিচয় সন্ত্রাসী ও ধ্বংসকারী। তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে উপাচার্য বলেন, আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। অপরাধীদের প্রতি অনুকম্পা দেখানোর সুযোগ নেই। অপরাধী যে দলেরই হোক, চাঁদাবাজ বা সন্ত্রাসী যে পরিচয়েরই হোক, তাকে প্রচলিত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।
সমাবেশে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আমেনা আক্তার, আইন বিভাগের প্রভাষক সানজিদা কবিরসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।