শেখ শোভন আহমেদ,কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: ২৮ জানুয়ারি ২০২৬ , ১২:২৭:১৭ প্রিন্ট সংস্করণ
দেশের রাজনীতিকে ফ্যাসিবাদ ও মিথ্যাচারের সংস্কৃতি থেকে মুক্ত করে একটি বৈষম্যহীন ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে মুকসুদপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হলেও ৫ আগস্টের পর তারা প্রতিহিংসার রাজনীতি পরিহার করেছে। বরং সব ধর্ম ও বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, আগামীর প্রজন্মকে একটি হিংসামুক্ত, শান্তিময় ও মানবিক বাংলাদেশ উপহার দিতে জামায়াত দৃঢ়প্রতিজ্ঞ।
পথসভায় তিনি আরও বলেন,“দোষারোপ, তোষামদি ও ধোঁকার রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হবে। আমরা অতীতের সব কষ্ট মাফ করে দিয়েছি এবং কথা রেখেছি—কাউকে কোনো প্রকার হেনস্তা হতে দেব না।”
তিনি বলেন, বর্তমান বাংলাদেশে সবার অধিকার সমান এবং সেই সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
সমাবেশে তিনি গোপালগঞ্জ–১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. আব্দুল হামিদের হাত উঁচু করে তাকে জনতার সামনে পরিচয় করিয়ে দেন এবং তার জন্য দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
মঙ্গলবার রাত পৌনে ১০টায় অনুষ্ঠিত এই পথসভাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। দীর্ঘদিন পর গোপালগঞ্জে জামায়াতের এমন প্রকাশ্য ও বড় পরিসরের কর্মসূচিকে কেন্দ্র করে পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
সমাবেশে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে গোপালগঞ্জের আসনগুলোতে জামায়াতের সক্রিয় উপস্থিতি নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।




















