রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ৩০ মে ২০২৬ , ৭:৫২:১২ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২ নম্বর মন্মথপুর ইউনিয়নের পূর্ব রাজাবাসর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতবাড়ি ও ঘরে থাকা প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (৩০ মে) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত তৌহিদুজ্জামান অ্যালার্জির ওষুধ সেবন করে ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, তৌহিদুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্বতীপুর উপজেলার ২ নম্বর মন্মথপুর ইউনিয়ন শাখার সভাপতি।
অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, জমির দলিল, শিক্ষাগত সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কর্মপরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আনোয়ার হোসেন, পার্বতীপুর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক আবু সায়েম, তথ্য ও প্রযুক্তি বিভাগের নেতা ওসমান আলীসহ অন্যান্য নেতাকর্মীরা।
তারা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সম্ভাব্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।




















