
পরিবহন মালিক গ্রুপের নামে বাসপ্রতি চাঁদা বাড়ানোর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্ন রুটে কোনো বাস ছেড়ে যায়নি। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আগে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নামে বাসপ্রতি ৩০ টাকা চাঁদা নেওয়া হতো। সম্প্রতি তা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়। বাড়তি চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে বুধবার সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহনমালিকেরা।
বাস চলাচল বন্ধ থাকায় কাউন্টারে এসে গন্তব্যে যেতে না পেরে অনেক যাত্রী ফিরে গেছেন। কেউ কেউ ভেঙে ভেঙে বা বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হামিদুল রহমান নান্নু বলেন, দূরপাল্লার বাসগুলো থেকে রাজশাহী ও নাটোরের মালিক সমিতি ১৩০ টাকা করে চাঁদা আদায় করে। সেই অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জেও ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। বাস চলাচল চালুর বিষয়ে দূরপাল্লার পরিবহনমালিকদের সঙ্গে আলোচনা চলছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।