
চাঁপাইনবাবগঞ্জে চটকদার বিজ্ঞাপন দিয়ে “এক হাজার টাকায় চারটি থ্রি-পিস” বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে। শনিবার (১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের শান্তিমোড় সংলগ্ন দিবানিশি ক্লিনিকের সামনে নতুন খোলা ‘উত্তরবঙ্গ বাটিক হাউস’ নামের একটি শো-রুমে এই ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটি উদ্বোধনের দিন সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে হাজারো নারী সেখানে ভিড় করেন। সকাল ১০টায় উদ্বোধনের কথা থাকলেও বিকেল পর্যন্ত দরজা খোলেনি। এতে ভুক্তভোগীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, উদ্বোধন উপলক্ষে “১ হাজার টাকায় ৪ থ্রি-পিস” অফারের বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘোষণায় আকৃষ্ট হয়ে সকাল ৭টা থেকেই শত শত নারী সারিবদ্ধভাবে দাঁড়াতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কয়েক হাজারে পৌঁছে যায়। এতে শান্তিমোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
নারীদের এমন ভিড় নিয়ন্ত্রণে কয়েক দফা চেষ্টা চালায় পুলিশ। কিন্তু শো-রুম কর্তৃপক্ষ বারবার দরজা না খোলায় বেলা ৩টা পর্যন্ত পরিস্থিতি অচল হয়ে পড়ে।
এদিকে, পূর্বনির্ধারিত সময় সকাল ১০টায় শো-রুম উদ্বোধনের কথা থাকলেও জনপ্রিয় কমেডিয়ান ও মডেল আবু হেনা রনি দুপুর ১২টার দিকে উপস্থিত হন। তিনি কয়েকবার উপস্থিত নারীদের সরে যেতে অনুরোধ করলেও ব্যর্থ হন। পরিস্থিতির কারণে তিনি উদ্বোধন কার্যক্রমও সম্পন্ন করতে পারেননি।
ভুক্তভোগী তাসলিমা বেগম বলেন, “আমরা সকাল থেকে দাঁড়িয়ে থেকেও কিছুই পাইনি। এভাবে মানুষকে ধোঁকা দেওয়া উচিত নয়।”
নাচোল থেকে আসা কলেজছাত্রী সুমাইয়া খাতুন বলেন, “টিকটকে এই অফারটা এমনভাবে প্রচার করেছে যেন সত্যিই সবাই পাবে। অথচ কাউকে কিছুই দেয়নি। আমাদের সাথেই প্রতারণা হয়েছে।”
স্থানীয় বাসিন্দা সাগর আহমেদ জানান, “তারা বলেছিল ৩০০ জনকে অফার দেওয়া হবে, কিন্তু সেখানে হাজির হয়েছিল কয়েক হাজার নারী। পরে তারা ঘোষণা দেয় অফার শেষ—এতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়।”
প্রতারণার অভিযোগ অস্বীকার করে ‘উত্তরবঙ্গ বাটিক হাউস’-এর স্বত্বাধিকারী আব্দুল বারী বলেন, “আমাদের অফারটি ছিল সীমিত সংখ্যক ক্রেতার জন্য। উপস্থিতি অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় শো-রুম খুলতে পারিনি। নিরাপত্তার স্বার্থেই বিক্রয় কার্যক্রম বন্ধ রাখা হয়।”
তবে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, “শো-রুম উদ্বোধনের ব্যাপারে আগে থেকে কোনো লিখিত বা মৌখিক তথ্য পাইনি। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে।”
🔹 স্থানীয়ভাবে এমন প্রতারণামূলক প্রচারণা ও জনদুর্ভোগের ঘটনায় জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।