প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ৪:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২৬, ১:৫০ পূর্বাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের থামার সংকেত পেয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যান তিন আরোহী। পালানোর সময় মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝোলানো একটি ব্যাগের হাতল ছিঁড়ে রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে ইয়াবার প্যাকেট। পরে ঘটনাস্থল থেকে ৭ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ উত্তরপাড়া জামে মসজিদের সামনে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। তবে সংকেত অমান্য করে তিন আরোহী মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যান।
তিনি আরও জানান,পালানোর সময় মোটরসাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ব্যাগের হাতল ছিঁড়ে যাওয়ায় ভেতরে থাকা ইয়াবার প্যাকেটগুলো সড়কে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে ৭ হাজার পিস ইয়াবা এবং একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে,পালিয়ে যাওয়া ব্যক্তিদের একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার বোগলাউড়ি বহরাপাড়া গ্রামের মো. আব্দুর রউফ (৪৪)। তার সঙ্গে থাকা আরও দুই সহযোগীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
www.dailymotprokash.com