অনিক দেওয়ান , স্টাফ রিপোর্টার ১০ জুন ২০২৬ , ৮:৫৫:৩৯ প্রিন্ট সংস্করণ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বাসাবাড়ি পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম আরও বেগবান করতে ‘পৌরবাসীর বর্জ্য বিষয়ক আচরণ পরিবর্তন কার্যধারা প্রণয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকালে পৌরসভার সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
পৌরসভা সূত্রে জানা যায়, শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে দীর্ঘদিন ধরে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করছে পৌরসভা। ইতোমধ্যে ২ নম্বর ওয়ার্ডের প্রফেসরপাড়া, শান্তিবাগসহ আশপাশের বিভিন্ন এলাকার বাসাবাড়ি থেকে পৌরসভার পক্ষে এসডিসি এগ্রো লিমিটেডের কর্মীরা পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করছেন। এ উদ্যোগের ফলে বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর ও পরিবেশসম্মত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
কর্মশালায় বক্তারা বলেন, উৎসস্থলেই বর্জ্য পৃথকীকরণ নিশ্চিত করা গেলে পরিবেশ দূষণ কমবে, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য সহজে ব্যবস্থাপনা করা সম্ভব হবে এবং শহর পরিচ্ছন্ন রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। এ কার্যক্রম পর্যায়ক্রমে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সব ওয়ার্ডে সম্প্রসারণ করা হবে।
বক্তারা পৌরসভাকে একটি ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম সফল করতে সকল পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মামুন-অর-রশীদ, নির্বাহী প্রকৌশলী মো. তৌফিকুল ইসলাম, শহর পরিকল্পনাবিদ মো. ইমরান হোসাইন, হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আহসান হাবীব, প্রশাসনিক কর্মকর্তা মো. নূরে আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।




















