
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তসহ দেশের অভ্যন্তরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং দুষ্কৃতিকারী ও সন্ত্রাসীদের সীমান্ত অতিক্রম রোধে তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর রাত ১১টা ৪৫ মিনিট থেকে ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে ২টি টহল দল এবং ১৮টি বিওপি থেকে (একটি ভেহিক্যাল স্ক্যানারসহ) ১৮টি টহল দল অস্থায়ী চেকপোস্ট স্থাপন ও নিয়মিত টহলের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে।
বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান ইনকিলাবকে জানান, ৫৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত ১৯টি টহল টিম বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছে। পাশাপাশি সীমান্তবর্তী দুটি চেকপোস্টে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের টহল ও তল্লাশি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।