
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোরামী মির্জাপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে ৫ নম্বর শানখলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দক্ষিণ গোরামী মির্জাপুর গ্রামের মৃত মকছুদ আলীর ছেলে মো. আব্দুল্লা মিয়া (৪৫) ও মো. আব্দুল আজিজ (৪০)। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আহতদের মধ্যে একই পরিবারের আরেক ভাই মো. আবু তালিব গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আহত হয়েছেন মোহাম্মদ নুরুল হক (৪৪), তিনি মৃত আব্দুর রহমানের ছেলে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই ভাই মারা গেছেন। তাদের আরেক ভাইসহ মোট চারজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন জানান, বাঁশের কুঁটি দিয়ে বৈদ্যুতিক তারে সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে এবং স্থানীয়দের মধ্যেও গভীর শোকের সৃষ্টি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।