
হবিগঞ্জের চুনারুঘাটে লাইসেন্সবিহীন অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭টি করাতকলের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় করাতকলগুলোর বিভিন্ন যন্ত্রাংশ, কাঠ ও বনজদ্রব্য জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ৫ নম্বর শানখলা ইউনিয়নের শানখলা বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন, বন বিভাগ, চুনারুঘাট থানা পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে ৭টি অবৈধ করাতকল পরিদর্শন করা হয়। তবে অভিযানের সময় কোনো করাতকলেই সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। পরে লাইসেন্সবিহীনভাবে স্থাপিত এসব করাতকলের বিভিন্ন যন্ত্রাংশ, কাঠ ও বনজদ্রব্য জব্দ করা হয়।
অভিযানে লাইসেন্স না থাকায় ৭টি করাতকলের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে এসব অবৈধ করাতকল পরিচালনাকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া বন্ধ ঘোষণার পরও কেউ এসব করাতকলে কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং অবৈধ করাতকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।