বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেছেন, ‘একটি দল এনআইডি কার্ডের ফটোকপি নিচ্ছে—এটি ষড়যন্ত্র, নীল নকশা। চুরি করার উদ্দেশ্যে তারা একটা প্রক্রিয়ায় ব্যস্ত রয়েছে।’
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার রাজিবপুর এলাকায় আয়োজিত গণমিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক এ্যানী চৌধুরী বলেন, ‘ভোটের জন্য ঘরে ঘরে যেতে দল থেকে আমাদের সিদ্ধান্ত দিয়েছে। এবারের নির্বাচন আগের মতো নয়, একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে নির্বাচন। একটি দল এনআইডি কার্ডের ফটোকপি নিচ্ছে, এটি ষড়যন্ত্র, নীল নকশা। তাদের উদ্দেশ্য, চুরি করার একটা প্রক্রিয়ায় ব্যস্ত রয়েছে। ভোটের ফারাক ধানের শীষের সঙ্গে কতটুকু তা এলাকায় হাটলেই বোঝা যায়। কিন্তু তারা মা-বোনদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে আইডি কার্ড নিচ্ছে, এটি গভীর ষড়যন্ত্র।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে বলে দিতে চাই, কারা এই আইডি কার্ড নিচ্ছে, কারা ফটোকপি নিচ্ছে, এটা তদন্ত করে বের করতে হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
বেগম খালেদা জিয়ার বিষয়ে তিনি বলেন, ‘শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে বেগম খালেদা জিয়া সম্মানিত। প্রতিটি দেশের সরকারপ্রধান তার চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছে, বিবৃতি দিচ্ছে এবং ডাক্তার পাঠাচ্ছেন। বাংলাদেশ সরকার যেভাবে তাকে সম্মান দিয়েছে, আমরা অভিভূত। সরকার দায়িত্ব নিয়ে তাকে যে মর্যাদায় আসীন করেছে এজন্য আমরা অভিনন্দন জানাই প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে।’
এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক, এটিএম রাকিবুল বাসার কর্তৃক প্রকাশিত এবং শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৮/বি, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।